প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১২:৫২:৪৪ প্রিন্ট সংস্করণ
ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি রাঁচিতে ঝলক দেখালেন। ভক্তদের উচ্ছ্বাসে ভাসালেন ৫২তম ওয়ানডে সেঞ্চুরিতে। একই সঙ্গে ক্রিকেটের একটি সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। সেই সঙ্গে আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শার্মাও একটি রেকর্ড গড়েছেন। ছক্কা মারা ব্যাটারদের মধ্যে রোহিদ সবার ওপরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছেন কোহলি। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন তিনি। ১২০ বলে ১৩৫ রান করেন তিনি ১১ চার ও ৭ ছয়ে। ১১২.৫০ স্ট্রাইক রেট ছিল তাঁর।
একই সঙ্গে ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন কোহলি। ৫১ টেস্ট সেঞ্চুরি নিয়ে এক ফরম্যাটে সর্বোচ্চ শতকের মালিক ছিলেন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম সেঞ্চুরিতে শচীনের আরও দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। দাক্ষণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ষষ্ঠ সেঞ্চুরিতে তিনি পেছনে ফেলেছেন তাঁকে ও ডেভিড ওয়ার্নারকে। এ ছাড়া ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯তম পঞ্চাশ ছাড়ানো ইনিংসের তালিকায় শচীনকে (৫৮) টপকে গেলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি সাত হাজারতম সেঞ্চুরি। কোহলির সেঞ্চুরি ও রোহিত-লোকেশ রাহুলের ফিফটিতে ৮ উইকেটে ৩৪৯ রান করেছে ভারত।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের ডান-হাতি ব্যাটার রোহিত শর্মা। গতকাল রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫টি চার ৩টি ছক্কায় ৫১ বল খেলে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত। এই ইনিংসে ৩টি ওভার বাউন্ডারি মেরে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক বনে যান রোহিত। এ ক্ষেত্রে পাকিস্তানের শহিদ আফ্রিদির বিশ্ব রেকর্ড ভাঙেন তিনি। ১৫ বছর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছিলেন আফ্রিদি।















