প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১১:০৮:০৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় প্রেজেন্টার রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি ও অনিবার্য কারণে্েউপস্থাপনা প্যানেল থেকে এই ভারতীয়কে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় চমক দেখিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফদের অন্তর্ভূক্ত করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে চলতি আইপিএলের আসর থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক আক্রমণ চলছে এমন অভিযোগ তুলে ‘অ্যান্টি বাংলাদেশি’ সেন্টিমেন্টে বারুদ যোগ করছে উগ্র হিন্দুত্ববাদীরা। এ নিয়ে বেড়েছে বাংলাদেশ-ভারতের বিরোধ। সেটি কেবল ক্রিকেটেই সীমাবদ্ধ নেই, পৌঁছেছে কূটনৈতিক পর্যায়েও। যার ফলে রিধিমাকে নিয়ে এমন সিদ্ধান্ত বিসিবির।
এদিকে, আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বলে জানিয়ে বিসিবি ই-মেইল পাঠিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে।











