জবি প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ১:১১:১৮ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ও ভূমি প্রশাসন এ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রথম কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে ১ম ব্যাচের শিক্ষার্থী অ্যাডভোকেট মো. রাব্বি হোসেন (রাহিন) সভাপতি এবং ২য় ব্যাচের শিক্ষার্থী মহি উদ্দিন আল মারুফ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটি ঘোষণার পর বিভাগের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি শক্তিশালী ভিত্তি পাবে এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সেতুবন্ধন তৈরি হবে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি উম্মে তাহমিনা জ্যোতি ও জাহিদুল হাসান, ট্রেজারার মো. মাকসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মিয়া, সাংগঠনিক সম্পাদক মোছা. সুমাইয়া আক্তার, দপ্তর সম্পাদক রাহাত আমিন শাওন, আইনগত সহায়তা ও মানবাধিকার সম্পাদক সিহাব উল হক, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক সাদিয়া আফরিন অঙ্কিতা, প্রচার ও গণসংযোগ সম্পাদক মো. সৌরভ ইসলাম, আন্তর্জাতিক ও শিক্ষা-গবেষণা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মো. আরব আলী।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সোহানুর রহমান সানি ও মো. ইব্রাহিম।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খ্রীস্টিন রিচার্ডসন বলেন, “আইন ও ভূমি প্রশাসন বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের মুহূর্ত। আমি বিশ্বাস করি, দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দিকনির্দেশনার মাধ্যমে এই অ্যাসোসিয়েশন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হবে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি বিভাগের শিক্ষা, উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দায়িত্ব গ্রহণের পর সভাপতি অ্যাডভোকেট মো. রাব্বি হোসেন (রাহিন) বলেন, “আমাদের ওপর আস্থা রেখে প্রথম নির্বাহী পরিষদ গঠনের দায়িত্ব দেওয়ায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আইন ও ভূমি প্রশাসন বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে সংগঠনটি কাজ করবে।”
সাধারণ সম্পাদক মহি উদ্দিন আল মারুফ বলেন, “এই অ্যাসোসিয়েশন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় মেলবন্ধনের কেন্দ্র হিসেবে কাজ করবে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক জোরদার করে আমরা একটি শক্তিশালী সহায়তামূলক নেটওয়ার্ক গড়ে তুলতে চাই।”
বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে শিক্ষার্থীবান্ধব, সামাজিক ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।





















