তানভীর সরদার | স্টাফ রিপোর্টার ১৬ ডিসেম্বর ২০২৫ , ১:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঝিনাইদহ সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সকাল সাড়ে ৭টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরের স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথিন্দ্রনাথ রায়, জেলা পুলিশ সুপার মাহফুজ আলফাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম. রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ সরকারি-বেসরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ, জেলা শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




















