সারাদেশ

শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

  শাহজাহান আলী মনন, নীলফামারী : ২২ জানুয়ারি ২০২৬ , ৭:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ


চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সৈয়দপুরের কৃতি শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফজরের নামাজের পর ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে জিয়ারতে অংশ নিয়ে মোনাজাত করেন।

এ সময় শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সহকারী সেক্রেটারি ও বোতলাগাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুবায়ের হোসেন, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, সালাউদ্দিন, শফিকুল ইসলামসহ সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর তারা নীলফামারী-৪ আসনের অপর উপজেলা কিশোরগঞ্জে গিয়ে চব্বিশের আরেক শহীদ গার্মেন্টস কর্মী নাইমের কবর জিয়ারত করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১০ দলীয় জোট প্রার্থীর আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা করা হয়।

কবর জিয়ারত শেষে আব্দুল মুনতাকিম সাংবাদিকদের বলেন, “জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। তাই তাঁদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আগামী ১২ ফেব্রুয়ারি এ দেশের তরুণ সমাজ জুলাই আন্দোলনের ধারক-বাহকদের ব্যালটের মাধ্যমে বাছাই করে নেবে।”
এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে ভোর থেকেই শহরজুড়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড লাগানো শুরু হয়েছে। নীলফামারী-৪ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের অনেকেই গতকাল প্রতীক বরাদ্দের পর থেকেই আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়া শুরু করেছেন বলেও অভিযোগ রয়েছে।

আরও খবর

Sponsered content