সারাদেশ

আমতলীর মানিকঝুড়িতে স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বসতঘর

  মেহেদী হাসান, আমতলী উপজেলা প্রতিনিধি | বরগুনা ৩১ ডিসেম্বর ২০২৫ , ৭:৪২:২৪ প্রিন্ট সংস্করণ

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তুলা (ঝুট) ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বশির খান দীর্ঘ তিন বছর ধরে মানিকঝুড়ি এলাকায় দেলোয়ার বিশ্বাসের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে তুলা (ঝুট) ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অগ্নিকাণ্ডের সময় মিলের ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা (ঝুট), তিনটি তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিনসহ অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস, কলাপাড়া ফায়ার সার্ভিস, আমতলী থানার পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, “আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আরিফ চৌধুরী বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) ও আমতলী থানার অফিসার ইনচার্জসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content