আন্তর্জাতিক

বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ সেপ্টেম্বরের পরও স্থগিত

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ১:১৮:২৯ প্রিন্ট সংস্করণ

নিরাপত্তাজনিত কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনও সীমিত থাকায় বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের ক্রেতাদের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ বাতিল অব্যাহত রাখার কথা জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি। বার্তাসংস্থা দোহা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানান হয়, এলএনজি সরবরাহে ‘ফোর্স মেজার’ বা অনিবার্য পরিস্থিতির মেয়াদ আরও বাড়িয়েছে কাতারএনার্জি। পাকিস্তানের ক্রেতাদের জানানো হয়েছে, এলএনজি কার্গো বাতিলের ঘটনা অক্টোবর পর্যন্ত চলতে পারে। আর বাংলাদেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রে ফোর্স মেজারের মেয়াদ সেপ্টেম্বরের পরও বাড়ানো হয়েছে।ইউরোপের কয়েকজন ক্রেতাকেও একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে। ইতালির জ্বালানি প্রতিষ্ঠান এডিসন শুক্রবার জানিয়েছে, কাতারএনার্জি তাদের এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে।

এডিসনের তথ্য অনুযায়ী, ইতালির অ্যাড্রিয়াটিক এলএনজি টার্মিনালে নির্ধারিত আরও পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। এর ফলে এপ্রিলের শুরু থেকে নভেম্বরের শুরু পর্যন্ত ফোর্স মেজারের আওতায় পড়া মোট কার্গোর সংখ্যা দাঁড়িয়েছে ২৯টিতে। তবে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহ করে নিজেদের সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে এডিসন।

কাতারের এলএনজি রপ্তানি সীমিত হয়ে পড়ার মধ্যেই সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ানোর এসব ঘোষণা এল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন দেখা দেওয়ার পর গত ৪ মার্চ কাতারএনার্জি প্রথম এলএনজি কার্যক্রম স্থগিত করে এবং ফোর্স মেজার ঘোষণা করে।

এরপর মার্চে কাতারএনার্জির রাস লাফান শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কাতারএনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি জানান, রাস লাফানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে কাতারের এলএনজি রপ্তানি সক্ষমতা ১৭ শতাংশ কমে গেছে।

এদিকে জুলাইয়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় কাতারের এলএনজি ট্যাংকার ‘আল রেকাইয়াত’ হামলার শিকার হয়। কাতারের দাবি, এ হামলার জন্য ইরান দায়ী। হামলায় জাহাজটির বাম পাশ ক্ষতিগ্রস্ত হলেও নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

আরও খবর

Sponsered content