সারাদেশ

সাতক্ষীরায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৫ , ১২:৫০:৫১ প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট ভয়াবহ শব্দদূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা জেলা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, শহর ও জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার ভয়াবহ মাত্রায় শব্দদূষণ সৃষ্টি করছে। এতে স্কুল-কলেজ শিক্ষার্থী, হাসপাতালের রোগী, শিশু-বৃদ্ধসহ সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১০০ ডেসিবেলের বেশি শব্দ স্থায়ী শ্রবণপ্রতিবন্ধিতা সৃষ্টি করতে পারে, যেখানে হাইড্রোলিক হর্নের শব্দ প্রায়শই এই সীমা অতিক্রম করে।

ছাত্রদলের স্মারকলিপিতে পাঁচটি দাবি উত্থাপিত হয়েছে:
১. সাতক্ষীরা শহরসহ জেলার সকল সড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা।
২. পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত মনিটরিং জোরদার করা।
৩. গুরুত্বপূর্ণ মোড়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক প্রচারণা পরিচালনা।
৪. সকল পরিবহন মালিক ও চালককে বৈধ ও মানসম্মত হর্ন ব্যবহার নিশ্চিত করতে বাধ্য করা।
৫. প্রয়োজনে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণ।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম বলেন, “শব্দদূষণ আজ এক নীরব মহামারি। হাইড্রোলিক হর্নের ব্যবহার মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর ক্ষতি করছে। আমরা চাই প্রশাসন দ্রুত অভিযান চালাক, যাতে মানুষ স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারে।” তিনি আরও জানান, ছাত্রদল সর্বদা জনস্বার্থ ও পরিবেশ রক্ষার পক্ষে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসাদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, শহর ছাত্রদল আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হাসান, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন এবং ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব

আরও খবর

Sponsered content