মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ৪ মার্চ ২০২৬ , ১১:২৪:৩৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে নতুনভাবে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (ময়লা পরিবহনের ডাম্পিং স্টেশন) উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার শিলমুন এলাকায় স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নগরবাসীর সুবিধার্থে এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে আধুনিক এই স্টেশন নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে ওয়ার্ডভিত্তিক বর্জ্য দ্রুত ও কার্যকরভাবে নির্ধারিত স্থানে স্থানান্তর করা সম্ভব হবে। ফলে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে।
স্টেশন নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে আকিজ বেকার্স লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, আর সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী আয়ূব আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, আকিজ বেকার্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে প্রশাসক নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং পরিচ্ছন্ন গাজীপুর গড়তে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।





















