সারাদেশ

আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২২ আগস্ট ২০২৬ , ৩:৫৩:০৬ প্রিন্ট সংস্করণ

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ. এম. তসমিল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল বরিশাল জেলা উত্তর শাখার আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান।
আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন।
মতবিনিময় সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, যুবদলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং রাজনীতি থাকা উচিত নয়। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। ‘গ্রুপের ঊর্ধ্বে যুবদল, সবার আগে দল’—এই নীতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিশেষ করে হামলা-মামলার শিকার এবং দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে সব পর্যায়ের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর

Sponsered content