প্রচ্ছদ » সারাদেশ » দুই সিএনজির সংঘর্ষ দেখতে গিয়ে প্রাইভেটকারের চাপায় কৃষকের মৃত্যু
দুই সিএনজির সংঘর্ষ দেখতে গিয়ে প্রাইভেটকারের চাপায় কৃষকের মৃত্যু
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ , ৪:১৯:০৯প্রিন্ট
সংস্করণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা দেখতে গিয়ে প্রাইভেটকারের চাপায় নুরুজ্জামান আকন্দ(৬০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া পাঁচ পীরের মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান আকন্দ উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত কুদ্দুস আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ওই এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ সময় পাশের একটি পানের বরজে কাজ করছিলেন কৃষক নুরুজ্জামান আকন্দ। দুর্ঘটনার খবর পেয়ে তিনি রাস্তা পার হয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। তখন ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি সিএনজি ও প্রাইভেটকারটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।