প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ , ৬:২৪:০১ প্রিন্ট সংস্করণ
দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এমন কিছু কাজ করা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আগে কেউ করতে পারেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
আজ শুক্রবার দিনব্যাপী পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।
সাদিক কায়েম বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ডাকসুর বর্তমান নেতৃত্ব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরাই মনে করেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এ সময়ে এমন কিছু কাজ হয়েছে, যা আগে হয়নি।’
ডাকসুর বর্তমান নেতৃত্বের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারি, সংঘর্ষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো কর্মকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলেও দাবি করেন তিনি।
একাধিক জরিপের তথ্য তুলে ধরে ডাকসুর ভিপি বলেন, ‘৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগের তুলনায় সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে।’
তিনি বলেন, ক্যাম্পাসের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, চিন্তা, প্রশ্ন করা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ তৈরি করা। এ জন্য প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ নিশ্চিত করার কাজও করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দেশের তরুণ প্রজন্মকে যথাযথ স্বীকৃতি ও সুযোগ না দেওয়ার বিষয়েও কথা বলেন সাদিক কায়েম। তার ভাষ্য, গত ৫৫ বছরে দেশের নেতৃত্বে থাকা ব্যক্তিরা তরুণ ও শিক্ষার্থীদের নিয়ে যেভাবে পরিকল্পনা ও চিন্তা করা প্রয়োজন ছিল, সেভাবে তা করেননি। একইভাবে তাদের মেধা ও যোগ্যতার যথাযথ স্বীকৃতিও দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘দীর্ঘদিনের এই ব্যর্থতার কারণে দেশ একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। কিন্তু দেশে তাদের মেধার বিকাশ ও তা কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করা জরুরি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।





















