প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১০:০৮:১০ প্রিন্ট সংস্করণ
রিয়াল মাদ্রিদে নিজের প্রত্যাবর্তনকে ‘ঘরে ফেরার মতো’ বলে বর্ণনা করেছেন হোসে মরিনিও। মঙ্গলবার স্প্যানিশ লিগে দলটির দায়িত্ব নেওয়ার প্রস্তুতির সময় এ কথা বলেন তিনি। ২০১৩ সালের পর প্রথমবারের মতো স্পেনের শীর্ষ লিগে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে মাঠে নামতে যাচ্ছেন পর্তুগিজ এই কোচ।
শনিবার নিজেদের লিগের প্রথম ম্যাচে এস্পানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুম সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এবার মরিনিওর পাশাপাশি ছয় নতুন খেলোয়াড়কে দলে নিয়েছে ক্লাবটি। তারা হলেন ইয়ান দিয়োমান্দে, মার্ক কুকুরেয়া, বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস ও কার্লোস এসপি।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন মৌসুম রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনিও। তার অধীনে একটি স্প্যানিশ লিগ ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছিল ক্লাবটি। এরপর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, এএস রোমা, ফেনেরবাহচে ও বেনফিকার দায়িত্ব পালন করেন তিনি। পরে আলভারো আরবেলোয়াকে সরিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছান মরিনিও।
গত মাস থেকেই ভ্যালদেবেবাসে দলের অনুশীলন পরিচালনা করছিলেন তিনি। তবে মঙ্গলবার ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পাশে আনুষ্ঠানিকভাবে তাকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একই অনুষ্ঠানে তিন বছরের চুক্তিতেও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন মরিনিও।
রিয়াল মাদ্রিদের নিজস্ব টেলিভিশনকে মরিনিও বলেন, ‘পেশাগত দৃষ্টিকোণ থেকে রিয়াল মাদ্রিদ একজন কোচের ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়। এটি পেশাগত দিক। এরপর আছে আবেগের বিষয়। এটা অনেকটা ঘরে ফেরার মতো। আবেগের দিক থেকে এবার আমার কাছে প্রথমবারের চেয়েও বেশি সুন্দর। প্রথমবার এখানে আসার সময় বিষয়টি ছিল একজন কোচের ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। এবার বিষয়টি আরও বেশি আবেগের।’
মরিনিওর প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদকে মুখোমুখি হতে হয়েছিল পেপ গার্দিওলার বার্সেলোনার। ২০১১-১২ মৌসুমে মরিনিওর রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগে মোট পয়েন্ট ও গোলের হিসাবে নতুন রেকর্ড গড়েছিল।
সমর্থকদের উদ্দেশে মরিনিও বলেন, ‘আমি আপনাদেরই একজন। যেদিন এখানে এসেছিলাম, সেদিন থেকেই আমি আপনাদের একজন। এখন আবার এই দায়িত্ব নিয়ে ফিরে এসেছি। রিয়াল মাদ্রিদের হয়ে কাজ করার বিষয়টি আমার কাছে কী অর্থ বহন করে, তা আপনারা কল্পনা করতে পারেন। ভ্যালদেবেবাসে যারা কাজ করেন, আমি চাই সবাই যেন রিয়াল মাদ্রিদের হয়ে কাজ করার এই অনুভূতিটা ধারণ করেন।’
নতুন মৌসুমের আগে মরিনিওর রিয়াল মাদ্রিদ চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা, ফেরেনৎসভারোশকে ২-১ গোলে হারিয়েছে, দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে পেয়েছে ১-০ গোলের জয় এবং রোববার শালকেকে ৩-০ গোলে হারিয়েছে।





















