নওগাঁ প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৬ , ৯:৫২:৩৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। ভার্কের অর্থায়নে এসব বৃত্তি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ৩৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা এবং ২৮ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩৬ হাজার টাকার সাধারণ শিক্ষা বৃত্তি দেওয়া হয়।
ভার্কের মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনুপম কুমার দেবনাথ।
অনুষ্ঠানে ভার্কের শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, হিজবুল ইসলাম, সামসুজ্জোহা ও ইকবাল হোসেন বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সৈকত পাল ও জান্নাতুন ফেরদৌস।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষার পথ সুগম করতে ভার্কের এ উদ্যোগ প্রশংসনীয়। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা অব্যাহত রাখতে তাঁরা ভার্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং ভার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















