সারাদেশ

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

  রাজশাহী প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ২:৫৫:৪২ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর মোল্লাপাড়া এলাকায় পুরাতন বাঁশের আড্ডার পাশে প্রায় ৫ বিঘা আয়তনের একটি পুকুর দিন–রাত বালু ফেলে ভরাট করা হচ্ছে। প্রতিদিন ১৫ থেকে ২০টি ডাম্প ট্রাকে বালু এনে এই ভরাট কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুকুরের পাশে প্রায় শতাধিক যুবক অবস্থান করছেন এবং খায়রুল নামের এক ব্যক্তির নেতৃত্বে ভরাট কার্যক্রম চলছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, এর আগে পুকুরটি ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়। সমঝোতার পরই প্রশাসনকে ‘ম্যানেজ’ করে পুকুর ভরাট শুরু হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিককে ভরাটকারীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কথা বলতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী জানান, “বিষয়টি আমার জানা নেই। কেউ যদি এমন কাজ করে, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের বিষয়ে এসিল্যান্ড ও পরিবেশ অধিদপ্তর মূলত দায়িত্বপ্রাপ্ত। তারা প্রয়োজন মনে করলে আমরা সহযোগিতা করবো।”

বোয়ালিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন বলেন, “বিষয়টি আমার জানা নেই। ঠিকানা পাঠান, আমি ব্যবস্থা নেবো।”

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের আশ্রয়ে সরকারি নিয়ম অমান্য করে পুকুর ভরাট চললেও প্রশাসনের বিভিন্ন দপ্তর এ ব্যাপারে উদাসীন।

আরও খবর

Sponsered content