কক্সবাজার জেলা প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ , ৪:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ মো. আতাউলাহ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এলাকায় এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি জানায়, দমদমিয়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে সদস্যরা চেকপোস্টের প্রায় ৫০ গজ উত্তরে সীমান্ত রেস্তোরাঁর সামনে থেকে এক ব্যক্তিকে হাতে বস্তা নিয়ে চেকপোস্টের দিকে আসতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তবে তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরে তার সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে ১১ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।
আটক মো. আতাউলাহ টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার সালেহ আহাম্মদের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মামলা দায়েরের পর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





















