সারাদেশ

মান্দায় ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  নওগাঁ প্রতিনিধি: ১৮ মে ২০২৬ , ৭:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রসাদপুর ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এ কর্মসূচির অধীনে প্রসাদপুর ইউনিয়নের ২ হাজার ৬ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেসুর রহমান মকে। এ সময় তিনি বলেন,

“পবিত্র ঈদুল আজহায় কোনো দরিদ্র পরিবার যেন খাদ্যের কষ্টে না থাকে, সেজন্য সরকারের পাশাপাশি আমরাও সজাগ আছি। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত হকদারদের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।”

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন,

“উপজেলার অন্যতম বড় ইউনিয়ন এটি। আমরা যাচাই-বাছাই করে প্রকৃত অভাবী ও দুস্থ মানুষদের তালিকা তৈরি করেছি। উৎসবের আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য। ট্যাগ অফিসারের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে এই চাল বিতরণ সম্পন্ন হচ্ছে।”

চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও ট্যাগ অফিসার নাজমুল হুদা, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এফ এম গোলাম সারোয়ার হোসেন, বিএনপি নেতা আলহাজ্ব শামসুর রহমান, প্যানেল চেয়ারম্যান শরিফ উদ্দিন বাচ্চু, ইউপি সদস্য ইসমাইল হোসেন বাচ্চুসহ পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও খবর

Sponsered content