সারাদেশ

ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

  স্টাফ রিপোর্টার, ভোলা ২২ আগস্ট ২০২৬ , ৪:২৬:১৪ প্রিন্ট সংস্করণ

ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ মোঃ শাহাবুদ্দীন(৩৯) নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তি ঢাকা জেলার লালবাগ থানা ২৬ নং, কাজী রিয়াজ উদ্দীন রোডের আবুল বাশার মাতুব্বরের ছেলে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) ভোলার দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর সংলগ্ন এলাকায় রাত ৩ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কারখানা ও ১ টি গোডাউন তল্লাশি করে প্রায় ১৩ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ১৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামালসহ একজনকে আটক করা হয়।

পরবর্তীতে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দৌলতখান, ভোলা এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তি হতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোলা এর নিকট হস্তান্তর করা হয়।

আরও খবর

Sponsered content