মেহেদী হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ১:৫৪:২৩ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিদিন উপজেলা তিনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাধারণ জনগণ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। নৌবাহিনীর জোরদার উপস্থিতিতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
নৌবাহিনীর কঠোর অবস্থানের কারণে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে। নিয়মিত টহল ও চেকপোস্টের ফলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও জানান এলাকাবাসী।
নির্বাচনী এলাকাসমূহে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য সহায়ক বাহিনীর সমন্বয়ে এ মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে টহল কার্যক্রম, অপারেশন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলাসদরসহ পৌরসভাধীন বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনমানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।





















