সারাদেশ

মান্দায় জামায়াতের নির্বাচনী জনসভা: উন্নয়ন ও দুর্নীতিমুক্ত রাজনীতির অঙ্গীকার

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০২:০৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব বলেন, নির্বাচিত হলে তিনি দলকানা হয়ে নয়, জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, “আমি এমপি হলে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির দখলদারিত্ব চলবে না। দুর্নীতি ও দুশাসন আজ জাতীয় সমস্যা—এসব দূর করতে সংসদে ও এলাকায় কার্যকর ভূমিকা রাখবো।”

রোববার বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রসঙ্গে আব্দুর রাকিব বলেন, “গত ১৬ বছর ধরে মান্দা উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে স্বাস্থ্যসেবাকে আধুনিক করা হবে, হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হবে এবং মা ও শিশু চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে।”

তিনি আরও বলেন, “উপজেলায় কোনো ডাকবাংলো নেই। ফলে অতিথিরা এলে থাকার সংকটে পড়তে হয়। আধুনিক মানের একটি ডাকবাংলো নির্মাণ করা হবে।”

এছাড়া প্রসাদপুরকে পৌরসভায় রূপান্তর, উপজেলার বিভিন্ন স্থানে নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, “বেকার সমস্যা দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। এ এলাকায় প্রচুর পাট চাষ হয়—পাটভিত্তিক শিল্প গড়ে তোলা হলে বহু মানুষের কর্মসংস্থান সম্ভব।”

ভোট প্রার্থনা করে তিনি বলেন, “বিগত দিনে জোটের সিদ্ধান্ত মেনে নিজেকে কুরবানি দিয়েছি। এবার জনগণের সরাসরি সেবা করার সুযোগ চাই। আমাকে নির্বাচিত করলে সংসদে মান্দার সমস্যাগুলো জোরালোভাবে তুলে ধরতে পারবো।”

তিনি আরও বলেন, “এলাকায় ঘুরে দুটি বড় সমস্যা চিহ্নিত করেছি—রাস্তাঘাটের বেহাল দশা এবং মসজিদ ও মন্দিরের অবকাঠামোগত সংকট। এসব বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।”

সাবেক সংসদ সদস্য মরহুম শামসুল আলম-এর স্মৃতির কথা উল্লেখ করে আব্দুর রাকিব বলেন, “তাকে স্মরণীয় করে রাখতে দেলুয়াবাড়িতে তার নামে একটি পাঠাগার স্থাপন করা হবে।”

মান্দা উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সুরা সদস্য মাওলানা মোস্তফা আলামিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে একটি গণমিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারে গিয়ে শেষ হয়।

আরও খবর

Sponsered content