কুমিল্লা (লালমাই) প্রতিনিধি : ২৭ ডিসেম্বর ২০২৫ , ১০:০০:৫০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলগড় ইউনিয়নের কয়েকটি গ্রামে হঠাৎ করে তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাব পড়েছে। শনিবার সকালে অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
সকাল আটটা পেরিয়ে গেলেও চারপাশে ঘন কুয়াশা বিরাজ করছিল, ফলে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।
এলাকাবাসী জানান, ভোর থেকেই কুয়াশার পরিমাণ এত বেশি ছিল যে অনেকের জন্য ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে স্কুলগামী শিশু, বয়স্ক মানুষ ও দিনমজুররা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেককে আগুন জ্বালাতে ও অতিরিক্ত গরম পোশাক ব্যবহার করতে দেখা গেছে।
ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটে। যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন স্থানীয় সচেতন মহল।




















