মোঃ শাহ্ আলম মন্ডল , দিনাজপুর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৬:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন–২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে বিশেষ গুরুত্বসহকারে পাঠদান, শিক্ষাদানের দক্ষতা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি এর আগে ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ডক্টর এনামুল হক একজন প্রখ্যাত গবেষক ও লেখক হিসেবেও পরিচিত। তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ ও সমসাময়িক কলাম প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের ত্রৈমাসিক গবেষণা পত্রিকা, মাসিক জার্নাল প্রেরণা, গবেষণা জার্নাল ছাত্র সংবাদ, দ্বিমাসিক গবেষণা ম্যাগাজিন মাদরাসা, জাতীয় দৈনিক সংগ্রাম-এর সীরাতুন্নবী ম্যাগাজিন এবং সাপ্তাহিক সোনার বাংলা সীরাতুন্নবী ম্যাগাজিনে।
এছাড়াও তাঁর একটি গবেষণাধর্মী গ্রন্থ ২০২৬ সালের একুশে বইমেলায় প্রকাশের প্রস্তুতি চলছে। তিনি বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের এডহক কমিটির ১ নম্বর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ডক্টর এনামুল হকের এই সাফল্যে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমাজ ও স্থানীয় সুধীমহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




















