প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৫৪:৩১ প্রিন্ট সংস্করণ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার মধ্যরাতে পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, “ভূমিকম্পটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হানায় ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগছে। আমরা একটি বড় উদ্ধার অভিযান শুরু করেছি এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য একত্রিত হয়েছি।”
ভূতাত্ত্বিকরা জানান, আফগানিস্তান ভূমিকম্প-প্রবণ এলাকা, কারণ দেশটি ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এছাড়া পূর্ব আফগানিস্তানের পাহাড়ি ভূখণ্ড ভূমিধসের ঝুঁকি বাড়ায়, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তোলে।





















