লাইফস্টাইল

মেক্সিকোতে নিখোঁজের সংখ্যা লাখ ছাড়াল, সড়কে নেমেছে হাজারো মানুষ

  আন্তর্জাতিক ডেস্ক ৩১ আগস্ট ২০২৫ , ১২:৪৫:০০ প্রিন্ট সংস্করণ

মেক্সিকোতে নিখোঁজ মানুষের সংখ্যা এক লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। অনলাইন বিবিসির খবরে বলা হয়, নিখোঁজদের স্বজন ও বন্ধুদের পাশাপাশি মানবাধিকার কর্মীরাও রাজধানী মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, কর্দোবা এবং বিভিন্ন শহরে ন্যায়বিচারের দাবিতে সড়কে নামে। তারা প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকারকে প্রিয়জনদের খুঁজে বের করার আহ্বান জানান।

মাদকবিরোধী যুদ্ধের পর থেকে নিখোঁজের বিস্তার

অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, ২০০৭ সালের পর থেকে অধিকাংশ গুমের ঘটনা ঘটেছে। ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে কালদেরন মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা করেছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ— অনেক ক্ষেত্রে নিখোঁজদের জোর করে মাদক কার্টেলে নিয়োগ করা হয়, আবার প্রতিরোধ করলে হত্যা করা হয়।
শুধু সংগঠিত অপরাধচক্র বা মাদক কার্টেলই নয়, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও নিখোঁজ ও হত্যার অভিযোগ রয়েছে।

বিক্ষোভের বিস্তৃতি

দক্ষিণের ওয়াহাকা থেকে শুরু করে উত্তরের সোনোরা ও দুরাঙ্গো পর্যন্ত— প্রায় সব অঙ্গরাজ্য ও শহরে কর্মী ও স্বজনদের অংশগ্রহণে বিক্ষোভ হয়। হাতে প্রিয়জনদের ছবি আঁকা প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তায় নামে এবং কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।
মেক্সিকো সিটিতে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক দিয়ে অগ্রসর হলে রাজধানীর যানজট পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

পরিবারগুলোর নিজস্ব অনুসন্ধান

কর্তৃপক্ষের ব্যর্থতায় অনেক ক্ষতিগ্রস্ত পরিবার নিজেরাই অনুসন্ধানকারী দল গঠন করেছে। তাদের বলা হয় ‘বুসকাদোরেস’। তারা উত্তর মেক্সিকোর মরুভূমি ও গ্রামীণ এলাকায় তথ্যসূত্র ধরে গণকবরের অবস্থান খোঁজেন। অনেক সময় তারা সরাসরি কার্টেলের কাছ থেকেও খবর পান।
তবে এই অনুসন্ধান তাদের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে আনে। সম্প্রতি জালিস্কো রাজ্যে একটি কথিত ‘নার্কো-র‌্যাঞ্চ’ আবিষ্কার করার পর অনুসন্ধানকারী দলের কয়েকজন সদস্যকেই গুম করা হয়েছে। পরে রাজ্যের অ্যাটর্নি জেনারেল জানায়, সেখানে কোনো দাহাগারের প্রমাণ পাওয়া যায়নি।

আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া

জাতিসংঘ মেক্সিকোর পরিস্থিতিকে ‘অপরিমেয় মাত্রার মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, নিখোঁজের এই মহামারি শুধু পরিবার নয়, গোটা সমাজকে ক্ষতবিক্ষত করছে।

আরও খবর

Sponsered content