ভোলা প্রতিনিধি: ৩০ আগস্ট ২০২৫ , ২:১৯:২০ প্রিন্ট সংস্করণ
ভোলায় নিজ বাসার সামনে থেকে ছাত্রলীগ নেতা মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তার বাবার নাম অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বশির উদ্দিন মাস্টার।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা মো. বশির উদ্দিন অভিযোগ করে বলেন, “শুক্রবার রাতে আরিফ নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজ পড়তে বের হলে দেখি বাসার গেটের সামনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আমার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পেয়েছি। আমি এর বিচার চাই।”
ঘটনার পর ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকারের নেতৃত্বে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সকাল ১১টার দিকে নিহত ছাত্রলীগ নেতার বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
ভোলার পুলিশ সুপার শরীফুল হক সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।”









