বিনোদন

আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় মিষ্টি জান্নাত

  বিনোদন ডেস্ক ২ এপ্রিল ২০২৬ , ৭:৩৭:৪৮ প্রিন্ট সংস্করণ

চলচ্চিত্র অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। শোবিজ অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে, নতুন করে প্রেমে জড়িয়েছেন তিনি।

একাধিক সূত্রের দাবি, এক ব্যবসায়ীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, যা এখন প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ ও বিনোদনকেন্দ্রে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলেও জানা গেছে।

এছাড়া দেশের বাইরে একসঙ্গে ভ্রমণের পরিকল্পনাও করছেন—এমন আলোচনা ঘুরছে শোবিজ মহলে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত বা সংশ্লিষ্ট ওই ব্যক্তি।

ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গেছে, ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে। দুজনের বোঝাপড়া ভালো এবং তারা একে অপরের সান্নিধ্যে স্বচ্ছন্দ—এমনটিই দাবি সংশ্লিষ্টদের।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর সাম্প্রতিক কিছু পোস্ট নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল দেখা গেছে। অনেকেই মনে করছেন, এসব পোস্টে হয়তো ব্যক্তিগত জীবনের ইঙ্গিত রয়েছে।

তবে সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য না থাকায় বিষয়টি এখনো নিশ্চিত নয়। শোবিজ অঙ্গনের একাংশ এটিকে গুঞ্জন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, সময় হলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।

উল্লেখ্য, অভিনয় ও ব্যক্তিত্বের কারণে মিষ্টি জান্নাত বরাবরই আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার শিরোনাম হয়েছেন তিনি। নতুন এই গুঞ্জন ভক্তদের মধ্যে আবারও আগ্রহ তৈরি করেছে।