মেহেদী হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ২৩ অক্টোবর ২০২৫ , ৮:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ
বরগুনার আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,“একটি কুচক্রী মহল ইউএনও রোকনুজ্জামান খানকে জড়িয়ে ‘আমতলীতে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন’— এমন মিথ্যা সংবাদ প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
বক্তারা আরও অভিযোগ করেন, ইউএনও’র বিরুদ্ধে যে ছবি ও তথ্য ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেগুলো তার আমতলীতে যোগদানের আগের সময়ের। ওইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে ব্যবহার করে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তারা বলেন, ইউএনও রোকনুজ্জামান খান গত ৬ এপ্রিল পাথরঘাটায় কর্মরত অবস্থায় তার মাকে ঢাকাগামী বাসে ওঠাতে এসে স্থানীয় সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণে একটি হোটেলে চা পান করেন। সেখানে উপস্থিত এক স্থানীয় ব্যক্তি শুভেচ্ছা জানাতে এলে একটি সাধারণ ছবি তোলা হয়, যা পরে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।
এছাড়াও ঝালকাঠিতে কর্মরত এক সরকারি কর্মকর্তার সঙ্গে পারিবারিক অনুষ্ঠানের ছবি নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান ও মো. তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বশার তালুকদার, সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা কামরুজ্জামান, পৌর কাউন্সিলর মো. শামসু চৌকিদার, যুবদল নেতা মো. ফিরোজ খান তাপস, ছাত্রদল আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্য সচিব মো. ইমরান খান প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন,“আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল পুরনো ছবি বিকৃতভাবে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এতে আমতলী উপজেলা প্রশাসন বিব্রতবোধ করছে।”
তিনি আরও বলেন,“আমি সরকারি দায়িত্ব পালনে সব সময় নিরপেক্ষতা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও সেই নীতি অনুসরণ করব।”




















