আশরাফুল আলম ফুল , কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৪:০৫:২৮ প্রিন্ট সংস্করণ
পাথরের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ১৩ নভেম্বর ২০২৫ থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে পাথর আমদানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। পাশাপাশি পরিবহন শ্রমিক, ট্রাক মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে ভারতীয় রপ্তানিকারকরা পাথরের মূল্য টনপ্রতি উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে দেন। নতুন দর বাংলাদেশি আমদানিকারকদের জন্য গ্রহণযোগ্য না হওয়ায় তারা আপাতত সব ধরনের আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ট্রাক টার্মিনাল, স্টকইয়ার্ড এবং কাস্টমস এলাকার কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
এক স্থানীয় আমদানিকারক জানান, “আমরা পূর্বের দরে বড় অঙ্কের এলসি খুলে রেখেছি। কিন্তু ভারত হঠাৎ দাম বাড়িয়ে দেওয়ায় সেই দরে পাথর আনা সম্ভব নয়। আলোচনা না হওয়া পর্যন্ত আমদানি শুরু হচ্ছে না।”
আমদানি বন্ধের সরাসরি প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর। পাথর খালাসে কর্মরত শ্রমিকরা জানাচ্ছেন, প্রতিদিনের আয় নির্ভর ছিল এ ব্যবসার ওপর। কাজ না থাকায় পরিবার–পরিজন নিয়ে তারা চরম অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়েছেন।
পাথর পরিবহনকারী ট্রাক মালিক সমিতির এক প্রতিনিধি বলেন, “আমাদের ট্রাকগুলো বেকার পড়ে আছে। দীর্ঘদিন আমদানি বন্ধ থাকলে বড় ধরনের লোকসান গুণতে হবে।”
সোনাহাট স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় রপ্তানিকারক ও বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল্য সিদ্ধান্তে সমন্বয় হলে আমদানি পুনরায় শুরু হতে পারে।
স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, দুই দেশের বাণিজ্যিক আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে এবং সোনাহাট স্থলবন্দর আবারও পূর্বের চাঞ্চল্য ফিরে পাবে।




















