সারাদেশ

আশুগঞ্জে কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ২৯ মে ২০২৬ , ১১:২২:২৭ প্রিন্ট সংস্করণ

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার দুর্গাপুর গ্রামে বাঘারবাড়ি গোষ্ঠী ও শরিয়তউল্লাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি এলাকার মন মিয়ার দোকানের সামনে শরিয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল কোরবানির পশুর চামড়া রাখেন। এ সময় চামড়া থেকে রক্ত ছড়িয়ে দোকানের সামনের অংশ নোংরা হয়ে গেলে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া এর প্রতিবাদ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাতে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content