প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১০:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ
তরুণদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী “বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ – ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ”। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম এবং একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তাভাবনা এবং নৈতিক উদ্যোক্তা মনোভাব গ্রহণের আহ্বান জানিয়ে বলেন ‘তরুণদের উদ্ভাবনী চিন্তা জাতীয় উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’। অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্ভাবননির্ভর উদ্যোক্তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের সৃজনশীল ধারণাগুলোকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের মাধ্যমে ইতিবাচক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন বিভাগের মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলো টেকসই উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, আইন সেবা, পর্যটন ও সামাজিক উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা (আইডিয়া) উপস্থাপন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম. মোকবুল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার মো. কামরুল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার এ.এন.এম. আহসান তৌহিদ মিল্টন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিলসহ প্রতিযোগিতার বিচারক, মেন্টর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
৩ দিনব্যাপী এই আয়োজনটি আগামী ১৫ জুলাই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।




















