আন্তর্জাতিক

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: রুবিও

  প্রতিনিধি ২২ মে ২০২৬ , ১:৫৭:৪৭ প্রিন্ট সংস্করণ

কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা থাকলেও বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুব বেশি নয়।

আজ শুক্রবার বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিকদের হত্যার অভিযোগ আনার এক দিন পর রুবিও এ মন্তব্য করেন।

সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, ‘কিউবার সঙ্গে কূটনৈতিক সমাধানেই আমরা আগ্রহী। তবে বাস্তবতা হলো, বর্তমান নেতৃত্বের সঙ্গে তা সম্ভব হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখেন।’

তিনি আরও অভিযোগ করেন, কিউবা সন্ত্রাসের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্র।

অন্যদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘কিউবা কখনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি রুবিওর বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানোর অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পরিবেশ তৈরি করছে।’

বর্তমানে কিউবা তীব্র জ্বালানি সংকটে ভুগছে। দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট, খাদ্যসংকট ও অর্থনৈতিক দুরবস্থায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিউবার দাবি, যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ এবং তেল সরবরাহে বাধার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তার প্রশাসন মানবিক সহায়তার মাধ্যমে কিউবার জনগণকে সহায়তা করতে চায়।’ ট্রাম্প আরও বলেন, ‘কিউবান-আমেরিকানরা নিজেদের দেশে ফিরে গিয়ে দেশটিকে সফল দেখতে চান।’

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কিউবার সামরিক নিয়ন্ত্রিত একটি অর্থনৈতিক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তার বোনকে ফ্লোরিডা থেকে আটক করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে সহযোগিতা করছিলেন।

 

আরও খবর

Sponsered content