ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:২০:১৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় যুবককে ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬–এর পাশে বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে প্রায় ১৫ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিজিবির ছয় সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহীম এবং বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া। অপরদিকে ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ছয় সদস্যের পক্ষে নেতৃত্ব দেন করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ইন্সপেক্টর) সুনীল কুমার।
এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বালারহাট সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫–এর সাব-পিলার ৩এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবককে হাতেনাতে আটক করে বিজিবির একটি টহল দল। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়ার নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটকের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম–এর নির্দেশে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
আটক দুই ভারতীয় যুবক হলেন—ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, “আটকের পর পারস্পরিক যোগাযোগ ও নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।”














