সারাদেশ

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

  কুড়িগ্রাম প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৬:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–এর আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)–এর আয়োজনে গণমাধ্যমকর্মীদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে প্রথম দিনের কর্মশালা শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

এ সময় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাব–এর সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। কর্মশালায় দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন পিআইবির প্রশিক্ষক জিয়াউর রহমান এবং সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম।

প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিংয়ের প্রয়োজনীয় কৌশল ও খুঁটিনাটি বিষয়, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিংয়ের চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায়, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে ধারণা, পাশাপাশি নির্বাচন প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ কর্মশালায় লালমনিরহাট জেলার ২০ জন এবং কুড়িগ্রাম জেলার ৩০ জনসহ মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content