সাতক্ষীরা প্রতিনিধি: ১৫ মে ২০২৬ , ১০:৪৬:৩১ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরায় শুরু হয়েছে জনপ্রিয় হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাতকরণ। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে হিমসাগর আম নামাতে শুরু করেছেন চাষিরা।
সাতক্ষীরা সদর উপজেলার বালিথা এলাকার আমচাষি রোকন ইসলাম জানান, তার বাগান থেকে শুক্রবার প্রায় চার টন হিমসাগর আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। তিনি বলেন, বায়ারদের কাছে প্রতি মণ আম তিন হাজার টাকা দরে বিক্রি করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, হিমসাগর আম বর্তমানে পুরোপুরি পরিপক্ব হওয়ায় চাষিদের বাজারজাতের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ ও বিক্রি শুরু করা যাবে।
তিনি বলেন, চলতি মৌসুমে জেলায় প্রায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে শহরের সুলতানপুর বাজার ঘুরে দেখা গেছে, আকার ও মানভেদে প্রতি মণ হিমসাগর আম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।




















