ভুবন কুমার শীল, কুড়িগ্রাম: ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৫:১৬ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম-এর আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
ভ্রাম্যমাণ ট্রাকযোগে পরিচালিত এই কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মোমেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিনিয়র তথ্য অফিসার শাহজাহান আলী এবং কুড়িগ্রাম প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, ভ্রাম্যমাণ ট্রাকটি কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সংগীত ও প্রচারণার মাধ্যমে ভোটারদের উদ্বুদ্ধ করছে। কর্মসূচিতে ভোটারদের নির্ভয়ে ও সুষ্ঠুভাবে ভোট প্রদান, ভোটের গুরুত্ব, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।




















