আইন-আদালত

শিশু অপহরণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ২:১৪:৫৫ প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে সাত বছরের কন্যা শিশু অপহরণের মামলায় আসামি ইমাম হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বলেন, আসামি যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ট্রাইব্যুনাল। যা অনাদায়ে আসামির এক বছর কারাদন্ডের আদেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।

যা আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভূক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় আসামি ইমাম হোসেন ট্রাইব্যুনালে হাজির হন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ইব্রাহীম শেখের সাত বছর বয়সী কন্যা কেরানীগঞ্জের খেজুরবাগ নূরবাগ হাই স্কুলের গেটের সামনে বান্ধবীদের সঙ্গে খেলছিল। ২০১৪ সালের ১৫ অক্টোবর বেলা ১১টার দিকে ইমাম হোসেনসহ ৩/৪ জন নদীর পাড়ে মেলা দেখানোর কথা বলে নিয়ে যায়। তারা তাকে কেরানীগঞ্জের নারিকেলবাগ কাশ বনে নিয়ে যায়। সেখানে গিয়ে শিশুটি চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং ইমাম হোসেনকে আটক করে।

এ ঘটনায় ইব্রাহীম শেখ পরদিন ১৬ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর ইমাম হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মুকুল রঞ্জন। এরপর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ করে।

 

আরও খবর

Sponsered content