আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ২:০৭:২৬ প্রিন্ট সংস্করণ

জুলাই আন্দোলনে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার জুয়েল হত্যাচেষ্টা মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. মাহফুজুর রহমান গত ৫ অক্টোবর গ্রেপ্তার দেখানোর এই আবেদন করেন।

এদিন শুনানিকালে নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হয়।

প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে আমরা তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করি। নূর মোহাম্মদের আইনজীবীরা গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।’

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৩ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুলাই আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন জুয়েল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাদী হয়ে থানায় মামলা করেন।

গেল ২৭ জুন সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ১ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আরও খবর

Sponsered content