সারাদেশ

কুষ্টিয়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ স্বজনদের

  হৃদয় রায়হান | কুষ্টিয়া জেলা প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ২:১৪:৫৩ প্রিন্ট সংস্করণ

Screenshot

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে।

শিশুটির বাবা আল আমিন জানান, ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দেওয়ার পর প্রথমে স্থানীয় এক চিকিৎসকের শরণাপন্ন হন। পরে তার পরামর্শে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করেন, “বৃহস্পতিবার থেকে আফরানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ ভোরের দিকে অবস্থা গুরুতর হলে চিকিৎসক ও নার্সদের ডাকলেও যথাযথ সাড়া পাওয়া যায়নি। পরে মরদেহ নিয়ে বাড়ি ফিরে আসি।”

তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, “হামের উপসর্গ নিয়ে শিশুটি ভর্তি হয়েছিল এবং শুরু থেকেই তার অবস্থা গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু স্বজনেরা তা গ্রহণ করেননি। এরপরও হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। ভোরের দিকে শিশুটি মারা যায়।”

ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content