প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৫:২২:৩৫ প্রিন্ট সংস্করণ
খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ আব্দুল আউয়াল (২৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আউয়াল খুলনার বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় আসামি এবং শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইস্রাফিল’ গ্যাংয়ের অন্যতম সদস্য।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার আব্দুল আউয়ালকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদ্য পিপিএম পদকপ্রাপ্ত এসআই আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ দল আউয়ালকে সঙ্গে নিয়ে হরিণটানা আশিবিঘা এলাকার একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে সাদা স্কচটেপে মোড়ানো একটি ‘AUTO PISTAL MADE IN USA’ ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল আউয়ালের বিরুদ্ধে ২০২৬ সালের ২০ ও ২১ আগস্ট লবণচরা থানায় পৃথক দুটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





















