রাজনীতি

চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মির্জা আব্বাস

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৮:১৬:৫৪ প্রিন্ট সংস্করণ

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।’

মির্জা আব্বাস বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর হটলাইন চালু করে দুই মাসের মধ্যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। কিন্তু, পরে হটলাইন বন্ধ করে দিলে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কিছু লোক আবার চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে।’

মাদকের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘মাদক এখন সারা দেশের একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলায় আমরা খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ পেয়েছি। কিন্তু বর্তমানে শিশু ও কিশোরদের জন্য খেলাধুলার মাঠের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ফলে, তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ছেলেমেয়েদের মাদক থেকে দূরে রাখতে হলে তাদের অন্যদিকে সম্পৃক্ত করতে হবে। শুধু শাস্তি দিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পর্যাপ্ত লাইব্রেরি স্থাপন করতে হবে।’

আরও খবর

Sponsered content