জাতীয়

ভোটের হার চার ধাপে পাঠাতে নির্দেশ ইসির

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সকাল ১০টা থেকে চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট সকল রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন প্রতিটি ভোটকেন্দ্র থেকে নির্দিষ্ট সময় অন্তর সারাদিনে মোট চারবার—সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে—প্রিজাইডিং অফিসারের নিকট থেকে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

প্রতিটি কেন্দ্রের প্রদত্ত ভোটের সংখ্যা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে আরএমএস (RMS) ইউজার আইডি ব্যবহার করে লগইন করে এন্ট্রি করতে হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ‘কপোত’ ড্যাশবোর্ডের মাধ্যমে এ তথ্য মনিটর করতে পারবেন।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এ পরিসংখ্যান পর্যবেক্ষণ করা হবে। তাই প্রদত্ত ভোটের তথ্য নির্ধারিত সময়ে এবং সঠিকভাবে এন্ট্রি করা বাধ্যতামূলক।

প্রতিবার তথ্য সংগ্রহের সময় ভোটগ্রহণ শুরুর পর থেকে সংশ্লিষ্ট রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালটের মুড়ি গণনা করে মোট প্রদত্ত ভোটের সংখ্যা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content