মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ২ মে ২০২৬ , ৮:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— শহরের আরামবাগ মহল্লার মানিক মিয়ার ছেলে মুসা, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আব্দুল আলিম এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত।
এর আগে, গত ৩০ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকানে ৮-১০ জন সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার হন আমার দেশ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ। হামলাকারীদের মধ্যে ২-৩ জন সাংবাদিকদের রাস্তায় ফেলে চায়ের ভাঙা কাপ দিয়ে মারধর করে।
এ ঘটনায় ওই রাতেই হামলার নেতৃত্বে থাকা স্থানীয় সন্ত্রাসী রাব্বি ও সোহেলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন সাংবাদিক তারেক রহমান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে চায়ের দোকানে বসা ও তাকানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, প্রধান আসামি রাব্বির বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ মোট ৯টি মামলা রয়েছে।
এদিকে হামলার রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। একইসঙ্গে জেলা জামায়াতও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।




















