শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবিতে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ৯ মে ২০২৬ , ১১:০৫:৩০ প্রিন্ট সংস্করণ

 

শনিবার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ-এর ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে শফিকুল ইসলাম-কে সভাপতি এবং জোবায়ের ইসনাম রিয়ন-কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টামণ্ডলীর সদস্য হাসিব সরকার, মোঃ মাসুদুল ইসলাম, আহসান মল্লিক, মিয়া মোঃ রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল-আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাবেক সাধারণ সম্পাদক শাকিল খান এ কমিটির অনুমোদন দেন।

উপদেষ্টা মিয়া রাসেল বলেন, “জামালপুর জেলা ছাত্রকল্যাণকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল সদস্যের মতামতকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিবেশ তৈরি করবে। জেলা ছাত্রকল্যাণ পরিষদ জামালপুর জেলার সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে।”

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সহকারী মোঃ মাসুদুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের আস্থা ও নির্ভরতার প্রতীক হচ্ছে ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ’। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জোবায়ের ইসনাম রিয়ন বলেন, “আমি চাই এই সংগঠনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম, ক্যারিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়নমূলক ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করব।”

নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, “জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগ ও দায়িত্বের জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়েই আমরা সামনের পথ এগিয়ে নিতে চাই।”

আরও খবর

Sponsered content