চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ
মো. অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার ২ মার্চ ২০২৬ , ৫:৫১:০৭প্রিন্ট
সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় ১০টি গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, চরবাগডাঙ্গা বিওপি’র আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি’র আওতাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। গরুগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়-এ জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্ত এলাকা থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”