সারাদেশ

চার বছর পর আংশিক চালু শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৬ মার্চ ২০২৬ , ৩:১৬:১২ প্রিন্ট সংস্করণ


দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে উৎপাদনে ফিরেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকার পর সম্প্রতি কেন্দ্রটির একটি ইউনিট চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে কেন্দ্রটির গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে ট্রান্সফরমার পুনঃস্থাপন ও মেরামতের কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে প্রায় চার বছর কেন্দ্রটি বন্ধ ছিল।

এদিকে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ১১১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার একটি প্রস্তাব অনুমোদনের পর গ্যাস টারবাইন-২ (জিটি-২) মেরামতের দায়িত্ব পায় চীনভিত্তিক প্রতিষ্ঠান সেপকো-১১১ ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন।

বর্তমানে ১১০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট থেকে প্রাথমিকভাবে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান, চলতি মাসের মধ্যেই উৎপাদন বাড়িয়ে প্রায় ১৬৫ মেগাওয়াট পর্যন্ত সরবরাহ করা সম্ভব হবে। এতে প্রতিদিন প্রায় ৮ কোটি টাকা সাশ্রয় হবে।

তিনি আরও জানান, দীর্ঘ চার বছর কেন্দ্রটি বন্ধ থাকায় সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গ্যাসচালিত এই বিদ্যুৎকেন্দ্রটি ২০১৬ সালে বাণিজ্যিক উৎপাদনে আসে। কেন্দ্রটি স্থাপনে প্রায় ২ হাজার ৮০৯ কোটি টাকা ব্যয় করা হয়।

আরও খবর

Sponsered content