মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ২:৪৫:০৯ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দিনাজপুর–সৈয়দপুর মহাসড়কের রাজাপাড়া মোড়ে যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামদ কাদীকল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) এবং নীলফামারী সদর উপজেলার দীঘলডাঙ্গি গ্রামের সুভাষ চন্দ্র রায়ের মেয়ে আদুরী রানী রায় (১৮)। তাঁরা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নে অবস্থিত ট্রিলিয়ন গোল্ড কোম্পানির নারী শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ফতেজংপুর ইপিজেড এলাকার নিকটে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোভ্যানটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারী যাত্রী নিহত হন। সংঘর্ষে বাসটি রাস্তার ধারে উল্টে পড়ে এবং অন্তত তিনজন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটির সিট খুলে নিয়ে মহাসড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য দিনাজপুর–সৈয়দপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় জনপ্রতিনিধিরা।




















