শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবি’র দুই হল উদ্ধারে ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ৯:৫১:৩৭ প্রিন্ট সংস্করণ

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত আব্দুর রহমান হল ও সৈয়দ নজরুল ইসলাম হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার বিকেলে শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধারের দাবিতে একটি অভিযান ও কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হওয়া মিছিলটি রায়সাহেব বাজার হয়ে আরামিটোলায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে হল দুটি বেদখলে থাকায় সাধারণ শিক্ষার্থীরা তীব্র আবাসন সংকটে ভুগছেন। দ্রুত হলগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলের সামনে গিয়ে ব্যানার টানিয়ে সেখানে বসবাসরতদের হল ছাড়তে ১০ দিনের আল্টিমেটাম দেন। একই সঙ্গে দখলকৃত ভবনের গেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল’ ও ‘অবৈধ দখল ছাড়তে হবে’ লেখা দেয়াললিখন করেন তারা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “এখানে বসবাসরত পরিবারগুলো আমাদের কাছে সাত দিনের সময় চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ১০ দিনের সময় দিয়েছি।”

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি আমরা ফেরত নেব। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করে দাবি আদায় করতে হয়।”

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও সৈয়দ নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে একাধিক হল দখল হয়ে থাকায় তারা আবাসন সংকটে পড়েছেন। দ্রুত প্রশাসনের সহযোগিতায় এসব হল উদ্ধার করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, অনিক আরিফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং জকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content