শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবি এলাকায় অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠতে দেওয়া হবে না: উপাচার্য

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ৪:৫৪:৩৩ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আশপাশে কোনোভাবেই অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপাচার্যের কনফারেন্স রুমে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র বাস চলাচল ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। শিক্ষকরা বৈশাখী র‍্যালিতে পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ও এলাকাবাসীকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

এছাড়া দুই দিনব্যাপী বৈশাখী মেলা, কনসার্ট, বাউল ও লোকজ সংগীত পরিবেশনা এবং আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তাব উঠে। বইমেলা ও নৌকাবাইচসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন অন্তর্ভুক্ত করার কথাও আলোচনা হয়।

একই সঙ্গে পহেলা বৈশাখের দিন মসজিদে দেশের কল্যাণে দোয়া এবং হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনার ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর, জকসু, ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন এবং কর্মচারী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content