প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৬:৩৮:২৪ প্রিন্ট সংস্করণ
জয়পুরহাটে ৭ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের প্রয়াত কফিল উদ্দিন মন্ডলের ছেলে। তিনি এতদিন জামিনে ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ১৩ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করতেন। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদ্রাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিলেন ওই ছাত্রী। সে সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে আলম মন্ডল ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এসময় মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলে। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির উপস্থিতিতেই আজ এই রায় দেন।





















