শফিউল মঞ্জুর ফরিদ (বিশেষ প্রতিনিধি): ৫ এপ্রিল ২০২৬ , ৯:২০:২৯ প্রিন্ট সংস্করণ
দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় মাত্র ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ অব্যাহত রেখেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ পরিবার বছরে ছয় মাস ৩০ কেজি করে চাল সহায়তা পাচ্ছে।
রবিবার (৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
সংসদে উত্থাপিত তথ্য অনুযায়ী, নিম্নআয়ের মানুষের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে দেশের ৪৯৫টি উপজেলার মোট ৫৫ লাখ পরিবার। প্রতি মাসে পরিবারপ্রতি ৩০ কেজি চাল, যার মূল্য প্রতি কেজি ১৫ টাকা। বছরে মোট ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) এই চাল বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে মোট ১০ লাখ মেট্রিক টন চালের সংস্থান রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত এ খাতে ৭.৯৩ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় ৭৯.২৫ শতাংশ।
হতদরিদ্রদের পুষ্টির চাহিদা মেটাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশের ২৪৮টি উপজেলায় ভিটামিন এ, বি-১, বি-১২, বি-৯ (ফলিক এসিড), আয়রন এবং জিংক সমৃদ্ধ ৩.৭ লাখ মেট্রিক টন পুষ্টি চাল সরবরাহ করা হচ্ছে।
বাজার দর নিয়ন্ত্রণে ওএমএস (Open Market Sale) কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মো. আবদুল বারী জানান, বর্তমানে ১২টি সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১ হাজার ৯১টি কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে খাদ্যশস্য বিক্রি চলছে।
প্রতিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং চালের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির পরিধি প্রয়োজনে আরও সমন্বয় করা হবে।















